তেহরানের এক বাসিন্দা বিবিসিকে বলেন, “আমরা ভেবেছিলাম তারা সব ঊর্ধ্বতন কর্মকর্তাদের মেরে ফেলবে এবং কয়েক দিনের মধ্যেই শাসনব্যবস্থার পতন ঘটবে। কিন্তু এখন দ্বিতীয় সপ্তাহ চলছে এবং প্রতি রাতে বিস্ফোরণের শব্দে আমার ঘুম ভেঙে যায়।”
তিনি শুরুতে এই যুদ্ধকে সমর্থন করেছিলেন, কিন্তু এখন তার হতাশা বাড়ছে। ইরানের শাসনব্যবস্থার বিরোধিতাকারী কিছু ইরানির কাছে এই যুদ্ধটি রাজনৈতিক পরিবর্তন ত্বরান্বিত করবে বলে আশা জাগিয়েছিল। কিন্তু এখন তারা নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন এবং প্রশ্ন তুলছেন যে, এই সংঘাতের ক্ষয়ক্ষতি কি শেষ পর্যন্ত কোনো রাজনৈতিক ফলাফলের চেয়েও বেশি হয়ে যাবে কি না।
তবে অন্য অনেকে এখনো যুক্তি দিচ্ছেন যে, এই ব্যবস্থাকে দুর্বল করার জন্য বাইরের সামরিক চাপই হয়তো একমাত্র বাস্তবসম্মত উপায়।
অনেক ইসরায়েলি এবং মার্কিন কর্মকর্তা এই অভিযানকে মূলত ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং হুমকি কমানোর প্রচেষ্টা হিসেবে দেখছেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ কেউ কেউ ইঙ্গিত দিয়েছেন যে, এর চূড়ান্ত লক্ষ্য হতে পারে শাসনব্যবস্থার পরিবর্তন।
ইরানের ধর্মীয় শাসনব্যবস্থার কিছু সমালোচকের কাছে এই ইঙ্গিতটি শুরুতে আশা জাগিয়েছিল যে, বাইরের চাপ হয়তো সেই পরিবর্তনকে ত্বরান্বিত করবে। তবে দেশের ভেতরের কিছু ইরানির সাথে কথা বলে বোঝা যাচ্ছে যে, পরিস্থিতি এখন অনেক বেশি জটিল।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে কর্তৃপক্ষ আবারও প্রায় পূর্ণাঙ্গ ইন্টারনেট শাটডাউন কার্যকর করায় সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের ভেতরের মানুষের সাথে যোগাযোগ করা সাংবাদিকদের জন্য কঠিন হয়ে পড়েছে। যোগাযোগের সীমাবদ্ধতা সত্ত্বেও বিবিসি এমন কয়েকজন ইরানির সাথে কথা বলতে সক্ষম হয়েছে যারা সরকারের বিরোধী এবং যারা শুরুতে ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ধারণার বিরোধিতা করেনি। বিশেষ করে একটি অভ্যুত্থানের চেষ্টা এবং দেশব্যাপী বিক্ষোভ দমন করার পর তাদের এই মনোভাব তৈরি হয়েছিল। নিরাপত্তা রক্ষার্থে তাদের নাম পরিবর্তন করা হয়েছে।
তেহরানের ৩১ বছর বয়সী প্রকৌশলী সামা বলেন, যখন প্রথম হামলার খবর আসে তখন তিনি আশাবাদী হয়েছিলেন। তিনি বলেন, “বছরের পর বছর ধরে আমরা প্রতিবাদ করেছি। প্রতিবার তারা আমাদের স্তব্ধ করে দেয়, আমাদের মেরে ফেলে। যখন হামলা শুরু হলো, আমি ভেবেছিলাম শাসনব্যবস্থা এবার আর টিকতে পারবে না।”
সামা আরও জানান, মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন এমন খবর আসার পর তিনি পরিবার ও বন্ধুদের নিয়ে উদযাপনও করেছিলেন। তিনি বলেন, “বড় খবরটি যখন নিশ্চিত হলো, আমি খুশিতে চিৎকার করছিলাম।”
কিন্তু যুদ্ধের দুই সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর তিনি বলছেন যে, তার এবং অনেকের আশেপাশের পরিস্থিতি ও মানসিকতা এখন বদলে গেছে।

